66°F বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

১০ম গ্রেড ইস্যুতে ঢাকা পলিটেকনিকে বিক্ষোভ, পরীক্ষাবর্জনের ঘোষণা

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২৯ জানু ২০২৬ | নিউজটি দেখেছেন: ২০
১০ম গ্রেড ইস্যুতে ঢাকা পলিটেকনিকে বিক্ষোভ, পরীক্ষাবর্জনের ঘোষণা

১০ম গ্রেড ইস্যুতে ঢাকা পলিটেকনিকে বিক্ষোভ, পরীক্ষাবর্জনের ঘোষণা

ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত ১০ম গ্রেডে বিএসসি প্রকৌশলীদের আবেদনের সুযোগ দেওয়ার প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এই দাবিকে কেন্দ্র করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। একই সঙ্গে ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’ বৃহস্পতিবারের নির্ধারিত ফাইনাল পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। হোস্টেল থেকে মিছিল নিয়ে এসে তারা সড়কে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগের সুপারিশ প্রত্যাহার না করা হলে আন্দোলন আরও জোরদার করা হবে। তাদের অভিযোগ, এই সিদ্ধান্ত ডিপ্লোমা প্রকৌশলীদের দীর্ঘদিনের পদোন্নতি ও গ্রেড সংক্রান্ত দাবিকে উপেক্ষা করেছে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগের সুপারিশ স্পষ্টতই বৈষম্যমূলক। তারা অবিলম্বে সংশ্লিষ্ট কমিটির সুপারিশ বাতিল এবং ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান।

‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’-এর ব্যানারে আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে পরীক্ষা বর্জন করা হবে।

উল্লেখ্য, বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে চলমান দ্বন্দ্ব ও আন্দোলন নিরসনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার একটি কমিটি গঠন করে। ওই কমিটি উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার সুপারিশ করে। সুপারিশ প্রকাশের পরপরই ডিপ্লোমা শিক্ষার্থী ও প্রকৌশলীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও অসন্তোষ দেখা দেয়।

চলমান আন্দোলনের কারণে সংশ্লিষ্ট মহলে নতুন করে আলোচনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।