১৭ বছর পর স্বদেশে প্রত্যাবর্তন তারেক রহমানের
দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে প্রায় ১৭ বছর পর আবারও বাংলাদেশের মাটি স্পর্শ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এর আগে একই দিন সকাল ৯টা ৫৫ মিনিটে তাদের উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করে।
বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বুধবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেয়। বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের পর বৃহস্পতিবার সকাল ৯টা ৩৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আবেগঘন একটি বার্তা দেন তারেক রহমান। সেখানে তিনি লেখেন—
“দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”
সংবর্ধনায় জনসমুদ্র, লাখো মানুষের ঢল
তারেক রহমানকে বরণ করে নিতে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (সাবেক ৩০০ ফিট এলাকা)-তে বিএনপির উদ্যোগে এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার রাত থেকেই সংবর্ধনাস্থল ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামতে শুরু করে।
দেশের বিভিন্ন জেলা থেকে আসা লাখ লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে বৃহস্পতিবার সকালেই পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। উৎসবমুখর পরিবেশে অপেক্ষা করছেন সবাই—একনজর দেখার ও কথা শোনার আশায়।
‘এটি হবে ইতিহাসের এক অনন্য দিন’— সালাহউদ্দিন আহমদ
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন,
“দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাকে একনজর দেখার জন্য, দুটি কথা শোনার জন্য। বাংলাদেশের ৫৫ বছরের রাজনৈতিক ইতিহাসে আজকের দিনটি হবে এক অবিস্মরণীয় অধ্যায়।”
তিনি আরও বলেন,
“এই মুহূর্ত শুধু দেশের মানুষ নয়, বিশ্ববাসীও প্রত্যক্ষ করবে। আমরা চাই, এটি একটি ঐতিহাসিক স্মৃতির অংশ হয়ে থাকুক।”
কর্মসূচির সংক্ষিপ্ত রূপরেখা
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে এলাকায় যাবেন তারেক রহমান। সেখানে তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য দেশবাসীর উদ্দেশে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাবেন।
পরবর্তীতে তিনি হাসপাতালে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খোঁজখবর নেবেন। এরপর গুলশানে নিজ বাসভবনে ফিরবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
আপনার বিজ্ঞাপন এখানে