আজারবাইজানের নাখচিভান অঞ্চলে ড্রোন হামলার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, আজারবাইজানের দিকে কোনো ধরনের ড্রোন পাঠানো হয়নি।
বৃহস্পতিবার (৫ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে, বিশেষ করে মুসলিম ও প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দেয়। তাই আজারবাইজানের দিকে ড্রোন পাঠানোর অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে তেহরান।
এর আগে আজারবাইজান অভিযোগ করে, তাদের নাখচিভান অঞ্চলে ড্রোন হামলার ঘটনা ঘটেছে এবং এ বিষয়ে ইরানের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তবে ইরান ওই অভিযোগ সম্পূর্ণভাবে নাকচ করেছে।
আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরের দিকে একটি ড্রোন নাখচিভানের বিমানবন্দরের টার্মিনাল ভবনে আঘাত হানে। একই সময় আরেকটি ড্রোন শাকারাবাদ গ্রামের একটি স্কুলের কাছাকাছি এলাকায় পড়ে।
এ ঘটনায় দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানানো হয়েছে। এছাড়া বিমানবন্দরের কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে বলে দাবি করেছে আজারবাইজান।
আজারবাইজান সরকার এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দাবি করেছে, ড্রোনগুলো ইরানের ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা হয়েছে। এ ঘটনায় তেহরানের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে দেশটি এবং প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে।
ঘটনার প্রতিবাদে আজারবাইজানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতবা দেমিরচিলোকে তলব করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, এই ঘটনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের শামিল। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাকু।
আপনার বিজ্ঞাপন এখানে