বালোচিস্তানে সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানের পাশেই আমরা’
ভারতের দিকে আঙুল তোলার আবহে কড়া বার্তা আমেরিকার, পাক সেনার অভিযানে পূর্ণ সমর্থনের কথা জানাল ট্রাম্প প্রশাসন
পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে ধারাবাহিক জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের পাশে থাকার বার্তা দিল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন স্পষ্ট জানিয়েছে, বালোচিস্তানে সাম্প্রতিক সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে পাকিস্তান সরকারের অবস্থানকে তারা সমর্থন করে এবং হামলার নেপথ্যে থাকা দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার পক্ষে তারা অনড়।
গত ৩১ জানুয়ারি বালোচিস্তানের একাধিক এলাকায় পরপর বিস্ফোরণ ও আত্মঘাতী হামলায় রক্তাক্ত হয়ে ওঠে প্রদেশটি। এই হামলায় মহিলা ও শিশুসহ অন্তত ৩৬ জন সাধারণ নাগরিক নিহত হন বলে পাকিস্তান সেনাবাহিনীর দাবি। প্রাণ হারান নিরাপত্তা বাহিনীর ২২ জন সদস্যও। এই ঘটনার দায় স্বীকার করে বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)।
হামলার পরই বালোচ বিদ্রোহীদের দমন করতে বড়সড় সামরিক অভিযান শুরু করে পাকিস্তান সেনা। পাক সেনার দাবি, বৃহস্পতিবার পর্যন্ত সেই অভিযানে ২১৬ জন সন্ত্রাসবাদীকে হত্যা করা হয়েছে।
এই আবহেই শুক্রবার বিবৃতি দিয়ে আমেরিকার বিদেশ দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিভাগ (ব্যুরো অফ সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স) জানায়,
“বালোচিস্তানে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে আমরা পাকিস্তানের পাশে আছি। বালোচিস্তান লিবারেশন আর্মি একটি স্বীকৃত বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন এবং এই নৃশংস হামলার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে পাকিস্তানের প্রচেষ্টাকে আমরা সমর্থন করি।”
উল্লেখ্য, বিএলএ-কে ২০২৫ সালের অগস্টে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল আমেরিকা।
এদিকে, পাকিস্তান দাবি করেছে যে বালোচিস্তানের এই সন্ত্রাসবাদী কার্যকলাপ বিদেশের মাটি থেকে পরিচালিত হয়েছে এবং এর নেপথ্যে ভারতের হাত রয়েছে। পাক সেনাবাহিনী বিবৃতিতে এমন অভিযোগ করলেও এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট প্রমাণ প্রকাশ করা হয়নি।
ভারত সরকার এই অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করেছে। নয়াদিল্লির তরফে জানানো হয়েছে, বালোচিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতির সঙ্গে ভারতের কোনও যোগ নেই। একই সঙ্গে রাষ্ট্রপুঞ্জও বালোচিস্তানে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আমেরিকার এই বিবৃতি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল। বিশেষ করে পাকিস্তান-ভারত সম্পর্কের টানাপড়েনের মধ্যে এই অবস্থান তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আপনার বিজ্ঞাপন এখানে