66°F বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: ৪১ বিচ্ছিন্নতাবাদী নিহতের দাবি পাকিস্তানের

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ৩১ জানু ২০২৬ | নিউজটি দেখেছেন: ৮
বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: ৪১ বিচ্ছিন্নতাবাদী নিহতের দাবি পাকিস্তানের

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: ৪১ বিচ্ছিন্নতাবাদী নিহতের দাবি পাকিস্তানের

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে অন্তত ৪১ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, নিহতরা ভারত সমর্থিত ‘ফিতনা আল খারেজি’ ও ‘ফিতনা আল হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্য।

আইএসপিআর শুক্রবার এক বিবৃতিতে জানায়, বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় এই প্রাণঘাতী সংঘর্ষ ঘটে। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে যুক্ত এমন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর আস্তানা লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়।

বিবৃতিতে আরও দাবি করা হয়, ঘটনাস্থল আফগানিস্তান সীমান্তের কাছাকাছি হলেও সংঘর্ষে জড়িত যোদ্ধারা ভারত সমর্থিত ছিল। তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট প্রমাণ প্রকাশ করা হয়নি।

পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন সেনাবাহিনীর সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, প্রথম দফার অভিযানে বেলুচিস্তানের হারনাই জেলার উপকণ্ঠে অন্তত ৩০ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়। সেনা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, তারা নিষিদ্ধ সংগঠন পাকিস্তান তালেবান (টিটিপি), যাকে আইএসপিআর ‘ফিতনা আল খারেজি’ হিসেবে উল্লেখ করছে, তাদের সঙ্গে সম্পৃক্ত ছিল।

অন্যদিকে আইএসপিআর জানায়, পাঞ্জগুর জেলায় পরিচালিত আরেকটি পৃথক অভিযানে ‘ফিতনা আল হিন্দুস্তান’-এর সঙ্গে যুক্ত ১১ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। পাকিস্তানের এই অভিযোগের বিষয়ে ভারত এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়েছে, পাঞ্জগুরে নিহত বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে, যা গত ডিসেম্বরে ওই এলাকায় সংঘটিত একটি ব্যাংক ডাকাতির ঘটনায় ব্যবহৃত হয়েছিল বলে দাবি করা হচ্ছে।

আইএসপিআর জানায়, সংশ্লিষ্ট দুই জেলায় এখনো ‘স্যানিটাইজেশন অপারেশন’ বা পরিশোধন অভিযান চলমান রয়েছে, যাতে অবশিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করা যায়।

এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই অভিযানকে রাষ্ট্রের দৃঢ় অবস্থানের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন। অপরদিকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, সন্ত্রাসবিরোধী চলমান লড়াইয়ে সমগ্র জাতি নিরাপত্তা বাহিনীর পাশে রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব হামলার জন্য মূলত নিষিদ্ধ বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) ও টিটিপির মতো সশস্ত্র বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দায়ী করছে কর্তৃপক্ষ। চলতি বছরের জানুয়ারিতে বেলুচিস্তানের খারান জেলায় জিম্মি হামলার পরিকল্পনার অভিযোগে নিরাপত্তা বাহিনী ১২ জন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করে। সে ক্ষেত্রেও ভারতীয় সমর্থনের অভিযোগ তোলে পাকিস্তান সেনাবাহিনী।