61°F বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বড় জয়

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ১৩ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ১
ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বড় জয়

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বড় জয়

ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা (হাঁস প্রতীক) বিপুল ভোটে বিজয় অর্জন করেছেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৭ হাজার ৫৬৮ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সরকার বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করে রুমিন ফারহানাকে বিজয়ী ঘোষণা করেন।

নির্বাচন কমিশনের প্রাপ্ত তথ্যমতে, আসনটির ১৫১টি ভোটকেন্দ্রে হাঁস প্রতীক পেয়েছে ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট। অন্যদিকে বিএনপি জোট মনোনীত প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছেন ৭৯ হাজার ৯২৭ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে ভোট পড়েছে ৪৪ দশমিক ৮ শতাংশ।

এ আসনে মোট নয়জন প্রার্থী মনোনয়ন দাখিল করলেও শেষ পর্যন্ত আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা গত রোববার নির্বাচন থেকে সরে দাঁড়ান।

ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী রুমিন ফারহানার সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময়ের খবর পাওয়া গেছে।