64°F বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

দীর্ঘ ১৬ বছর পর দেশে ফিরলেন তারেক রহমান, বিমানবন্দরে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২৫ ডিসে ২০২৫ | নিউজটি দেখেছেন: ৫৩
দীর্ঘ ১৬ বছর পর দেশে ফিরলেন তারেক রহমান, বিমানবন্দরে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা

দীর্ঘ প্রায় দেড় যুগের প্রবাসজীবন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এই ঐতিহাসিক মুহূর্তে তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিমানবন্দরে নামার পরপরই বিএনপির শীর্ষ নেতাদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন তিনি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ দলটির কেন্দ্রীয় নেতারা বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে স্বাগত জানান। এ সময় নেতাকর্মীদের সঙ্গে আবেগঘন কোলাকুলির দৃশ্য দেখা যায়।
এর আগে, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বুধবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বাংলাদেশের উদ্দেশে রওনা হয় তারেক রহমানের ফ্লাইট। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে রওনা দেয়।
বাংলাদেশের আকাশে প্রবেশের পর সকাল ৯টা ৩৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আবেগঘন একটি পোস্ট দেন তারেক রহমান। সেখানে তিনি লেখেন,
“দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”
এই পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এদিকে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (সাবেক ৩০০ ফিট এলাকা) জুড়ে বিএনপির পক্ষ থেকে বিশাল সংবর্ধনার আয়োজন করা হয়েছে। বুধবার রাত থেকেই সংবর্ধনাস্থল ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। বৃহস্পতিবার সকাল নাগাদ পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে লাখো নেতাকর্মী ও সমর্থক সেখানে জড়ো হন।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন,
“দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারেক রহমানকে একনজর দেখার জন্য, তার কণ্ঠে দু’টি কথা শোনার জন্য মানুষ এখানে এসেছে। আজ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় যুক্ত হতে যাচ্ছে।”
দলীয় কর্মসূচি অনুযায়ী, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে এলাকায় যাবেন তারেক রহমান। সেখানে অল্প সময়ের জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন তিনি। এরপর তিনি হাসপাতালে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খোঁজখবর নেবেন এবং পরে গুলশানে নিজ বাসভবনে ফিরবেন।