64°F বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

এনসিটি ইজারা সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি, অচল চট্টগ্রাম বন্দর

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ৩১ জানু ২০২৬ | নিউজটি দেখেছেন: ১২
এনসিটি ইজারা সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি, অচল চট্টগ্রাম বন্দর

এনসিটি ইজারা সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি, অচল চট্টগ্রাম বন্দর
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে কর্মচারী ও শ্রমিকদের কর্মবিরতির কারণে কার্যত স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজে অংশ নেননি বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী ও বেসরকারি শ্রমিকরা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল চারটা পর্যন্ত এই কর্মবিরতি চলবে।

কর্মবিরতির ফলে জেনারেল কার্গো বার্থ (জিসিবি), চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) এবং নিউমুরিং কনটেইনার টার্মিনালে কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। এতে বন্দরের স্বাভাবিক অপারেশন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এদিকে বন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন, সভা-সমাবেশ, মিছিল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়া বিদ্যমান আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। বিজ্ঞপ্তিতে দ্রুত বিচার আইন-২০০২, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা-১৯৭৯ এবং চট্টগ্রাম বন্দর কর্মচারী চাকরি প্রবিধানমালা-১৯৯১-এর কথা উল্লেখ করা হয়। কর্তৃপক্ষের দাবি, এসব কর্মকাণ্ড রাষ্ট্রীয় স্বার্থের পরিপন্থী।

বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে অফিস চলাকালীন সময় আন্দোলন বা মিছিলে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার কর্মসূচির ঘোষণা দেয় চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববারও আট ঘণ্টা প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখার কথা রয়েছে।

তবে কর্মবিরতির মধ্যেও এনসিটিতে বেসরকারি ডিপো থেকে আনা রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজে তোলার কাজ সীমিত আকারে চালু রয়েছে।

চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন বলেন, কর্মচারী ও শ্রমিকরা একাত্ম হয়ে কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং বিকেল চারটা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।