80°F মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় নির্বাচন: প্রস্তুত বাংলাদেশ, আশ্বস্ত করলেন প্রধান উপদেষ্টা ইউনূস

Online Desk, Boston Bangla

প্রকাশ: ২৩ সেপ্টে ২০২৫ | নিউজটি দেখেছেন: ১৭৩
ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় নির্বাচন: প্রস্তুত বাংলাদেশ, আশ্বস্ত করলেন প্রধান উপদেষ্টা ইউনূস

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে তিনি এ প্রত্যাশার কথা ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, “ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ—এ নিয়ে কোনো সংশয় নেই। দেশ এ জন্য সম্পূর্ণ প্রস্তুত।”

বৈঠকে সার্জিও গোর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

আলোচনায় উঠে আসে বাণিজ্য সম্পর্ক জোরদার, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট, এবং ঢাকাকে ঘিরে ভ্রান্ত তথ্য প্রচারের মতো আঞ্চলিক ও দ্বিপাক্ষিক নানা ইস্যু।

কক্সবাজারে আশ্রয় নেওয়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গার মানবিক সহায়তায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন কামনা করেন ইউনূস। এর জবাবে মার্কিন প্রতিনিধি আশ্বাস দেন, রোহিঙ্গাদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, “প্রায় এক দশকেরও বেশি সময় ধরে সার্ক কোনো সম্মেলন আয়োজন করতে পারেনি। বর্তমান অন্তর্বর্তী সরকার সংস্থাটিকে পুনরুজ্জীবিত করতে সক্রিয় উদ্যোগ নিচ্ছে।”

তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। এ প্রসঙ্গে বাংলাদেশ আসিয়ানভুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।

এ ছাড়া নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপরও গুরুত্ব দেন ইউনূস। তাঁর মতে, আঞ্চলিক সহযোগিতা বাড়াতে পারলে বাংলাদেশের প্রবৃদ্ধি আরও দ্রুত হবে।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সার্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসার জন্য আমন্ত্রণ জানান।