77°F মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

হাসিনা প্রত্যর্পণ ইস্যুতে দিল্লিকে আনুষ্ঠানিক চিঠি নয়, চলছে কূটনৈতিক আলোচনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Online Desk, Boston Bangla

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ১৬
হাসিনা প্রত্যর্পণ ইস্যুতে দিল্লিকে আনুষ্ঠানিক চিঠি নয়, চলছে কূটনৈতিক আলোচনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে থেকে ফেরত আনার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি পাঠায়নি নবগঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকার। তবে বিষয়টি নিয়ে দিল্লির সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের সঙ্গে একাধিক বৈঠকে শেখ হাসিনাসহ পলাতক অন্যান্যদের ফেরত আনার বিষয়টি মৌখিকভাবে উত্থাপন করা হয়েছে। তিনি এটিকে একটি “চলমান প্রক্রিয়া” হিসেবে উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী আরও জানান, হাদি হত্যা মামলার অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীর হোসেনের কনসুলার অ্যাক্সেস এখনো নিশ্চিত হয়নি। তবে বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি তদারকি করছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের সঙ্গে সমন্বয় বজায় রাখছে।

আঞ্চলিক পরিস্থিতি প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও ইরানে অবস্থানরত প্রায় দুই হাজার বাংলাদেশি বর্তমানে নিরাপদে আছেন। তাদের সঙ্গে সরকারের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং প্রয়োজন হলে নিরাপদে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে ঈদের আগের রাতে তেহরান থেকে ১৮৬ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

এছাড়া, ভারতের সঙ্গে জ্বালানি আমদানি নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে আলোচনায় সবুজ সংকেত পাওয়া গেছে এবং ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদার হতে পারে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সংকট মোকাবেলায় সরকার কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।