73°F মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের আহ্বানে সাড়া দিচ্ছে না জার্মানি

বস্টন বাংলা, Boston Bangla

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ২১
ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের আহ্বানে সাড়া দিচ্ছে না জার্মানি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানসংক্রান্ত যুদ্ধে জড়াবে না বলে স্পষ্ট অবস্থান জানিয়েছে ইউরোপের দেশ জার্মানি। একই সঙ্গে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি সামরিক শক্তি দিয়ে খোলা রাখার কোনো উদ্যোগেও অংশ নেবে না দেশটি।

জার্মান সরকারের এক মুখপাত্র সোমবার জানান, ইরানে চলমান সংঘাতের সঙ্গে ন্যাটো–র কোনো সরাসরি সম্পর্ক নেই। তাই এই সংঘাতে সামরিকভাবে জড়ানোর পরিকল্পনাও জার্মানির নেই।

এর আগে ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছিলেন, হরমুজ প্রণালি বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত দেশগুলো গুরুত্বপূর্ণ এই নৌপথ খোলা রাখতে যুদ্ধজাহাজ পাঠাবে। এ ক্ষেত্রে ন্যাটোর ভূমিকার কথাও তিনি উল্লেখ করেন।

সম্প্রতি ইরান–এ মার্কিন ও ইসরায়েলি হামলার পর তেহরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের কোনো জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে তা লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।

এদিকে ইউরোপের আরেক দেশ গ্রিস–ও একই ধরনের অবস্থান জানিয়েছে। দেশটির সরকারি মুখপাত্র পাভলোস মারিনাকিস বলেছেন, হরমুজ প্রণালিকে ঘিরে কোনো সামরিক তৎপরতায় গ্রিস অংশ নেবে না।

বিশ্বের তেল ও জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগও বাড়ছে।