ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ নিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটাতে আন্তর্জাতিক মহলের সঙ্গে যোগাযোগ জোরদার করেছেন।
রোববার তিনি ইরান, মিশর, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে পৃথক ফোনালাপ করেন বলে তুর্কি কূটনৈতিক সূত্র জানিয়েছে। এসব আলোচনায় চলমান সংকট নিরসন এবং উত্তেজনা কমানোর বিষয়ে আহ্বান জানানো হয়।
ফিদান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস এবং যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তবে পৃথক এসব আলোচনার বিস্তারিত বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।
মার্চের শুরু থেকে ইরান কার্যত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করে দিয়েছে। বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল পরিবহন হয় এবং বৈশ্বিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বাণিজ্যের উল্লেখযোগ্য অংশ এ পথেই সম্পন্ন হয়।
এই পরিস্থিতির ফলে আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়েছে। জাহাজ চলাচল ও বীমা ব্যয় বৃদ্ধি পেয়েছে, তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে এবং বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
আপনার বিজ্ঞাপন এখানে