88°F বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ইরানে স্টারলিংকের বিরুদ্ধে কঠোর অভিযান, শতাধিক ডিভাইস জব্দ

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ১৯
ইরানে স্টারলিংকের বিরুদ্ধে কঠোর অভিযান, শতাধিক ডিভাইস জব্দ

ইন্টারনেট নিয়ন্ত্রণ জোরদার করতে ইরান জুড়ে স্টারলিংক ডিভাইসের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে শত শত ডিভাইস জব্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।

বিবিসি-র প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আইনে স্টারলিংক সংগ্রহ ও ব্যবহার অবৈধ। বিশেষ করে চলমান সংঘাতের সময়ে এ ধরনের কার্যক্রমকে গুরুতর অপরাধ হিসেবে দেখা হচ্ছে। এ অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডের বিধান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, “শত্রুপক্ষ” কর্তৃক পাঠানো বহু স্টারলিংক ডিভাইস জব্দ করা হয়েছে। এখানে শত্রুপক্ষ হিসেবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল-কে ইঙ্গিত করা হয়েছে।

সংঘাত শুরুর পর থেকে ইন্টারনেট বিভ্রাট তীব্র হওয়ায় দেশের ভেতরে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এ পরিস্থিতিতে প্রযুক্তি-সচেতন কিছু নাগরিক স্পেসএক্স পরিচালিত স্টারলিংক ব্যবহার করে বিকল্প সংযোগ স্থাপন করছেন এবং তা অন্যদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন।

তবে ইরানি কর্তৃপক্ষের দাবি, এই স্যাটেলাইট সংযোগের মাধ্যমে সংবেদনশীল তথ্য বিদেশে পাচার হতে পারে এবং শত্রুপক্ষ গোয়েন্দা তথ্য সংগ্রহে এটি ব্যবহার করছে। এ কারণে দেশের নিরাপত্তা ও সামরিক অবস্থান গোপন রাখতে ইন্টারনেট ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।