72°F সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ইরানের পক্ষে ফেসবুকে পোস্ট, বাহরাইনে গ্রেপ্তার ৬ প্রবাসী; একজন বাংলাদেশি

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ৬
ইরানের পক্ষে ফেসবুকে পোস্ট, বাহরাইনে গ্রেপ্তার ৬ প্রবাসী; একজন বাংলাদেশি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের পক্ষে পোস্ট করার অভিযোগে ছয় প্রবাসীকে গ্রেপ্তার করেছে বাহরাইন পুলিশ। তাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন।

সোমবার (৯ মার্চ) বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বাহরাইন নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, বাহরাইনের জেনারেল ডিরেক্টরেট অব অ্যান্টি-করাপশন, ইকোনমিক অ্যান্ড ইলেকট্রনিক সিকিউরিটির অধীন অ্যান্টি-সাইবারক্রাইম ডিরেক্টরেট অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানের সাম্প্রতিক সামরিক তৎপরতা ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে ভিডিও ধারণ, প্রকাশ ও পুনরায় শেয়ার করার অভিযোগে ছয়জন এশীয় নাগরিককে আটক করা হয়েছে। ওই ভিডিওগুলোর মাধ্যমে তারা ইরানের শত্রুতামূলক কর্মকাণ্ডের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে বলে অভিযোগ করা হয়েছে।

কর্তৃপক্ষের মতে, এ ধরনের কর্মকাণ্ড দেশের নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য হুমকি হিসেবে বিবেচিত হতে পারে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।