77°F বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ইরানি হামলা বন্ধে কূটনৈতিক পথ বেছে নিলো আরব দেশগুলো

বস্টন বাংলা, Boston Bangla

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ২৩
ইরানি হামলা বন্ধে কূটনৈতিক পথ বেছে নিলো আরব দেশগুলো

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সংঘাতের জবাবে তেহরান উপসাগরীয় দেশগুলোতেও হামলা চালাচ্ছে। মার্কিন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু করা হলেও, এই পদক্ষেপে বেশ বিরক্ত ও ক্ষিপ্ত আরব দেশগুলো।

সৌদি আরবের রাজধানী রিয়াদে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) বৈঠক বৃহস্পতিবার (২৬ মার্চ) ডাকা হয়। বৈঠকে যুদ্ধ প্রতিরোধ এবং কূটনৈতিক সমাধানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও ওয়াশিংটন ও তেল আবিবের নজর বৈঠকের দিকে ছিল, জিসিসির ঘোষণা শুনে তারা হতাশ হয়।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, জিসিসি দেশগুলো কোনো সামরিক অভিযান চালাবে না বা ইরানের বিরুদ্ধে আক্রমণের জন্য তাদের ভূখণ্ড ব্যবহার দেবে না। বরং তারা ইরানি হামলা বন্ধ করার জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে অগ্রাধিকার দেবে।

জিসিসির মহাসচিব আল-বুদাইওয়ি বলেন, “জিসিসিভুক্ত দেশগুলোর মূল বার্তা হলো হামলা বন্ধের জন্য কূটনৈতিক সমাধান খুঁজে বের করা। ইরানকে একটি ঐক্যবদ্ধ আন্তর্জাতিক বার্তা দিয়ে তাদের হামলা অবিলম্বে এবং নিঃশর্তভাবে বন্ধ করতে হবে।”

তিনি আরও বলেন, জিসিসির লক্ষ্য ইরানকে ধ্বংস করা নয়, বরং দেশটির সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা। পারস্য উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতির অবনতি শুধুমাত্র স্থানীয় নয়, এটি বৈশ্বিক স্তরেও প্রভাব ফেলতে পারে।

এই সিদ্ধান্তের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতাশ হয়েছেন। তিনি আগেই দাবি করেছিলেন, আরব দেশগুলো ইরানের বিরুদ্ধে হামলার মাধ্যমে প্রতিশোধ নেবে। তবে জিসিসি দেশগুলো কূটনৈতিক সমাধান বেছে নেওয়ায় ট্রাম্প প্রশাসন আরও বিপাকে পড়েছে।

সৌদি আরব ও কুয়েতের প্রধান তেল শোধনাগারগুলো ইরানি হামলার লক্ষ্যবস্তু হলেও, জিসিসি দেশগুলো যুদ্ধের পথ নয়, শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে।