68°F মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ইস্পাহানে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, চারজনের মৃত্যু

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২৪ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ৩২
ইস্পাহানে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, চারজনের মৃত্যু

ইস্পাহানে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, চারজনের মৃত্যু

ইরানের মধ্যাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট ও দুই বেসামরিক ব্যক্তির প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ইস্পাহান প্রদেশের দরচেহ শহরের একটি ফলের বাজারের ওপর হেলিকপ্টারটি ভেঙে পড়ে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারায়। পরে সেটি বাজার এলাকায় আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। খবরটি প্রকাশ করেছে ইরনা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। টেলিভিশনে প্রচারিত ফুটেজে ধ্বংসস্তূপ ও উদ্ধার তৎপরতার দৃশ্য দেখা গেছে।

সেনাবাহিনীর এভিয়েশন ট্রেনিং সেন্টার নিহতদের পরিচয় নিশ্চিত করেছে। নিহতরা হলেন পাইলট কর্নেল হামেদ সারভাজাদ এবং কো-পাইলট মেজর মোজতবা কিয়ানি। এছাড়া বাজারে কাজ করার সময় আরও দুই ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ইস্পাহান প্রদেশের বিচার বিভাগের প্রধান আসাদোল্লাহ জাফারি জানিয়েছেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম চালাচ্ছে।

এর আগে গত সপ্তাহে হামাদান প্রদেশে ইরানের বিমান বাহিনীর একটি এফ-৪ যুদ্ধবিমান প্রশিক্ষণ মিশনের সময় বিধ্বস্ত হয়। ওই ঘটনায় এক পাইলট নিহত হলেও অপর পাইলট ইজেক্ট করে প্রাণে রক্ষা পান। প্রাথমিকভাবে সেখানেও কারিগরি ত্রুটির বিষয়টি সামনে আসে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের সামরিক ও বেসামরিক বিমান বহর আধুনিকায়নে সীমাবদ্ধতা তৈরি হয়েছে। দেশটি সম্প্রতি রাশিয়ার কাছ থেকে কিছু যুদ্ধবিমান ও প্রশিক্ষণ বিমান সংগ্রহের উদ্যোগ নিলেও উন্নত সু-৩৫ যুদ্ধবিমান সরবরাহ এখনো সম্পন্ন হয়নি।