মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দ্রুত শেষ হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করলেও ইসরায়েল পরাজয়ের মুখে পড়লে তার পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন উগান্ডার সেনাবাহিনীর প্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা।
বুধবার (২৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বিশ্ব ইতোমধ্যে এই যুদ্ধ নিয়ে ক্লান্ত। তবে ইসরায়েলকে ধ্বংস বা পরাজিত করার কোনো পরিস্থিতি তৈরি হলে উগান্ডা তার পাশে দাঁড়াবে।
উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে কাইনেরুগাবার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে তীব্র হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমানের হামলায় উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটছে। এর প্রভাব আশপাশের দেশগুলোতেও পড়ছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে।
এর আগে কাইনেরুগাবা ১৯৭৬ সালের এন্টেবে বিমানবন্দর অভিযানে নিহত ইসরায়েলি কমান্ডো ইয়োনাতান নেতানিয়াহুর স্মরণে একটি ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা ঘোষণা দিয়ে আলোচনায় আসেন।
বিশ্লেষকদের মতে, উগান্ডার এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন কূটনৈতিক প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে, বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যের সংঘাত ক্রমেই জটিল হয়ে উঠছে।
আপনার বিজ্ঞাপন এখানে