79°F মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

জামিন পাইয়ে দিতে ১ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ১৮
জামিন পাইয়ে দিতে ১ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামিকে জামিন পাইয়ে দেওয়ার জন্য এক প্রসিকিউটরের এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের তথ্য–অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কার্যালয় থেকে এই কমিটি গঠন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম।

তিনি জানান, পাঁচ সদস্যের এই কমিটির প্রধান তিনি নিজেই। কমিটির কাজের ধরন ও তদন্তের রূপরেখা নির্ধারণ করতে আগামীকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে।

অভিযোগ রয়েছে, চট্টগ্রাম–৬ আসনের (রাউজান) সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে একটি মামলায় জামিনে মুক্ত করতে তাঁর পরিবারের কাছে এক কোটি টাকা দাবি করেছিলেন সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার।

জানা গেছে, হোয়াটসঅ্যাপে হওয়া কথোপকথনের একাধিক অডিও রেকর্ডিংয়ে ঘুষ দাবির বিষয়টি উঠে এসেছে। 

অভিযোগ ওঠার পর তৎকালীন প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম সাইমুম রেজা তালুকদারকে সংশ্লিষ্ট মামলার দায়িত্ব থেকে সরিয়ে দেন। তবে তাঁর বিরুদ্ধে অন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি এবং ট্রাইব্যুনালের অন্যান্য দায়িত্ব থেকেও তাঁকে অব্যাহতি দেওয়া হয়নি।

এ বিষয়ে সংবাদ প্রকাশের পর মঙ্গলবার সকালে প্রধান কৌঁসুলির কার্যালয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বেলা আড়াইটায় শুরু হওয়া আরেকটি বৈঠক বিকেল চারটা পর্যন্ত চলে। এই বৈঠকেই তথ্য–অনুসন্ধান কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত দুইজন প্রসিকিউটর নাম প্রকাশ না করার শর্তে জানান, কমিটির পাঁচ সদস্যই প্রসিকিউটর। শুধু এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগই নয়, আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক উপপরিদর্শক শেখ আবজালুল হককে রাজসাক্ষী করার বিষয়সহ জুলাই গণ–অভ্যুত্থানের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগগুলোও তদন্ত করবে এই কমিটি।

কমিটি তদন্ত শেষে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন দেবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।