ঢাকা, ১৭ মার্চ -জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
অভিনেতা সুজাত শিমুল গণমাধ্যমকে জানান, বিকেল পাঁচটার পর হঠাৎ অসুস্থ বোধ করলে শামস সুমন বিষয়টি সহকর্মী শাহাদৎ হোসেন-কে জানান। পরে তাঁকে দ্রুত গ্রিন রোড এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, কার্ডিয়াক অ্যারেস্টে তাঁর মৃত্যু হয়েছে।
টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ শামস সুমন মঞ্চ, ছোট পর্দা ও বড় পর্দা-তিন মাধ্যমেই অভিনয় করেছেন। যদিও সাম্প্রতিক বছরগুলোতে তিনি নাটকে কিছুটা অনিয়মিত ছিলেন, তবুও তাঁর অভিনয় দর্শকের মনে গভীর ছাপ রেখে গেছে।
তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মন জানে না মনের ঠিকানা’, ‘কক্সবাজারে কাকাতুয়া’, ‘চোখের দেখা’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘আয়না কাহিনি’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘জয়যাত্রা’, ‘নমুনা’ ও ‘হ্যালো অমিত’। ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
অভিনয়ের পাশাপাশি তিনি গণমাধ্যমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি রেডিও ভূমির স্টেশন প্রধান এবং চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বুধবার সকাল ১০টায় চ্যানেল আই প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজশাহীতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
আপনার বিজ্ঞাপন এখানে