ঢাকা থেকে প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাতীয় সনদের প্রতিটি শব্দ ও অক্ষর বিএনপি ধারণ করে এবং তা বাস্তবায়নের জন্য অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে তিনি জানান, বিএনপির নির্বাচনী ইশতেহারে যা প্রতিশ্রুতি রয়েছে, তা জনগণের ম্যান্ডেট পেলে বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, শীর্ষক “গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের প্রতি আইনজীবী সমাজের প্রত্যাশা”।
সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাই জাতীয় সনদ একটি রাজনৈতিক সমঝোতার দলিল। এতে অধিকাংশ রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। যাঁরা সমালোচনা করছেন, তাঁদের অনেকেই নির্বাচনের পর সুবিধা বুঝে স্বাক্ষর করেছেন। কিন্তু এই সনদে কিছু ‘নুক্তা’ লাগানোর প্রয়োজন নেই। যা আছে, তা মানা ও বাস্তবায়ন করা হবে।”
সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গণভোটের রায়কে সম্মান দিতে হলে আগে জাতীয় সংসদে আইন প্রণয়ন করে তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। শপথের ফর্ম বা পদ্ধতি নির্ধারণ সুপ্রিম কোর্টের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “অনেকে বলেছেন, জুলাই জাতীয় সনদ মানা না হলে তারা রাজপথে যাবেন। আমরা বলতে চাই, আমরা সনদকে অস্বীকার করি না। আমরা জাতির কাছে অঙ্গীকারবদ্ধ এবং নির্বাচনী ইশতেহারে যা আছে তা বাস্তবায়ন করব।”
অনুষ্ঠানে আইনজীবী সমাজের প্রতিনিধিরা ছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীরাও উপস্থিত ছিলেন। বক্তারা দেশে গণতন্ত্র ও আইনের শাসন সমুন্নত রাখতে বিচার বিভাগের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আপনার বিজ্ঞাপন এখানে