82°F মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

জ্বালানিতে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ৭১
জ্বালানিতে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার

 জনগণের দুর্ভোগ কমাতে সরকার প্রতিদিন জ্বালানি তেলে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম (অমিত)।

শুক্রবার (২৭ মার্চ) দুপুর ১২টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেয়নি। তিনি উল্লেখ করেন, জ্বালানির মূল্য বৃদ্ধি পেলে বিদ্যুৎ, গণপরিবহন ও খাদ্যপণ্যের দাম বাড়ে, যা সাধারণ মানুষের কষ্ট আরও বাড়িয়ে দেয়। তাই নানা চাপ থাকা সত্ত্বেও সরকার জনগণের স্বার্থে মূল্য বৃদ্ধি থেকে বিরত রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে জ্বালানি তেল নিয়ে কিছু উদ্বেগ থাকলেও সরকার সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রেখেছে। আগে যেখানে প্রতিদিন গড়ে ১২ হাজার টন ডিজেলের চাহিদা ছিল, ঈদের আগে তা বেড়ে ২৪ থেকে ২৫ হাজার টনে পৌঁছায় এবং সে অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা হয়েছে। পেট্রল ও অকটেনের চাহিদা প্রতিদিন ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টনের মধ্যে রয়েছে।

অনিন্দ্য ইসলাম জানান, আগামী এপ্রিল মাস পর্যন্ত দেশের জ্বালানির চাহিদা পূরণে সরকার সক্ষম এবং ভবিষ্যতে ৯০ দিনের জ্বালানি মজুত নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ১৫৩ জন দুস্থ ও অসহায় ব্যক্তির হাতে এককালীন আর্থিক সহায়তার চেক তুলে দেন। তিনি বলেন, রাষ্ট্রের সব নাগরিকের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। ভাতা প্রদানে যেন রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় প্রাধান্য না পায়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হারুন অর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন (খোকন), পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার এবং প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান (টুকুন)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।