জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখার সম্ভাবনা নেই, শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি
আন্তর্জাতিকভাবে স্বীকৃত জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও চাঁদ দেখা-সংক্রান্ত মানদণ্ড অনুযায়ী, হিজরি ১৪৪৭ সালের পবিত্র রমজান মাসের সূচনাকারী চাঁদ ১৭ ফেব্রুয়ারি আরব ও ইসলামি বিশ্বের কোথাও দেখা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের (আইএসি) পরিচালক মুহাম্মদ শওকত ওদেহ জানিয়েছেন, ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় আরব ও ইসলামি বিশ্বের পূর্ব, মধ্য ও পশ্চিমাঞ্চলের কোনো স্থান থেকেই খালি চোখে, দূরবিন কিংবা আধুনিক জ্যোতির্বৈজ্ঞানিক ইমেজিং প্রযুক্তির মাধ্যমে রমজানের চাঁদ দেখা সম্ভব হবে না।
তিনি ব্যাখ্যা করে বলেন, ওই দিন ইসলামি বিশ্বের পূর্বাঞ্চলে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে। মধ্যাঞ্চলে সূর্য ও চাঁদ প্রায় একই সময়ে অস্ত যাবে এবং পশ্চিমাঞ্চলে সূর্যাস্তের মাত্র কয়েক মিনিট পর চাঁদ অস্ত যাবে। এই স্বল্প সময় চাঁদের দৃশ্যমান চিকন আকৃতি গঠনের জন্য যথেষ্ট নয়।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে সূর্যাস্তের এক মিনিট আগেই চাঁদের নিচের প্রান্ত অস্ত যাবে। সৌদি আরবের রাজধানী রিয়াদে চাঁদ অস্ত যাবে সূর্যাস্তের ৪২ সেকেন্ড আগে। তাবুক অঞ্চলে, যেখানে চাঁদের অবস্থান তুলনামূলক ভালো, সেখানে চাঁদ সূর্যাস্তের সময়ই অস্ত যাবে। সে সময় চাঁদের বয়স হবে মাত্র ১ ঘণ্টা ৪৯ মিনিট এবং সূর্যের সঙ্গে কোণীয় দূরত্ব থাকবে মাত্র এক ডিগ্রি, যা চাঁদ দেখার জন্য অপ্রতুল।
মিসরের কায়রোতে সূর্যাস্তের দুই মিনিট পর এবং আলজেরিয়ায় ছয় মিনিট পর চাঁদ অস্ত গেলেও, এসব স্থানেও চাঁদ দেখা যাবে না বলে নিশ্চিত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
এই পরিস্থিতিতে আইএসি পরিচালক চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তিকর বা ভুয়া তথ্য ছড়ানো থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এমন গুজবে বিভ্রান্ত হয়ে কেউ যেন ভুল সিদ্ধান্ত না নেন।
সব মিলিয়ে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও অধিকাংশ আরব দেশে ১৮ ফেব্রুয়ারি পবিত্র শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে বাংলাদেশ, পাকিস্তান, ইরান, মরক্কো, মৌরিতানিয়া ও আফ্রিকার কিছু অঞ্চলে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ অনুসন্ধান করা হবে। আবহাওয়া পরিস্থিতি ও স্থানীয় চাঁদ দেখা-সংক্রান্ত নীতিমালার ওপর ভিত্তি করে এসব দেশে রমজান মাস ১৯ অথবা ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে শুরু হতে পারে।
আপনার বিজ্ঞাপন এখানে