কালীগঞ্জে কারখানা থেকে বিপুল পরিমাণ বিয়ার উদ্ধার, আটক ২
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অ্যালকোহলসমৃদ্ধ বিয়ার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জের এম এ হক কারখানায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে তল্লাশি চালিয়ে প্রথমে একটি পিকআপ ভ্যান থেকে ৩৯ কার্টুন বিয়ার উদ্ধার করা হয়। পরে কারখানার ভেতরের বিভিন্ন কক্ষ তল্লাশি করে আরও তিন কার্টুন বিয়ার পাওয়া যায়।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, কিছু পরিত্যক্ত বোতল বাদে মোট ১ হাজার ৮২৪ পিস বিয়ার জব্দ করা হয়েছে। একই সঙ্গে বিয়ার পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
মাদকের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে রেজা কনস্ট্রাকশনের ইনচার্জ মেহেদী হাসান এবং চায়না বাংলা কংক্রিট লিমিটেডের ইনচার্জ নাজির হোসাইনকে আটক করেছে পুলিশ।
কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার বিজ্ঞাপন এখানে