ম্যাসাচুসেটস স্বাস্থ্য বিভাগের জরুরি সতর্কতা, শিশুদের মধ্যে সংক্রমণ বেশি
ম্যাসাচুসেটসের জনস্বাস্থ্য বিভাগ ভোক্তাদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, র’ ফার্ম নামের প্রতিষ্ঠানের উৎপাদিত কাঁচা চেডার চিজ অবিলম্বে ব্যবহার বন্ধ করে ফেলে দিতে হবে, কারণ এটি শিগা টক্সিন উৎপাদনকারী ই. কোলাই সংক্রমণের সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এবং খাদ্য ও ওষুধ প্রশাসনের তথ্যানুসারে, এখন পর্যন্ত তিনটি অঙ্গরাজ্যে অন্তত সাতজন আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আক্রান্তদের অর্ধেকেরও বেশি পাঁচ বছরের কম বয়সী শিশু, যা পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে।
যদিও ম্যাসাচুসেটসে এখনো কোনো সংক্রমণ শনাক্ত হয়নি, তবুও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় আগাম সতর্কতা হিসেবে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, উক্ত প্রতিষ্ঠানের কাঁচা চেডার চিজ—খণ্ড আকারে এবং কুচি করা উভয় ধরনের পণ্যই ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। ভোক্তাদের এই পণ্য কোনোভাবেই না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যদি ফ্রিজে সংরক্ষিত থাকে, তবে তা অবিলম্বে ফেলে দিতে বলা হয়েছে এবং পণ্যের সংস্পর্শে আসা পাত্র বা রান্নাঘরের স্থান ভালোভাবে পরিষ্কার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এই সংক্রমণের সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে তীব্র পেট ব্যথা, রক্তমিশ্রিত ডায়রিয়া, বমি ও জ্বর। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে গুরুতর অবস্থায় কিডনির জটিলতা দেখা দিতে পারে, যা জীবননাশের ঝুঁকি তৈরি করে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, যদি শরীরের তাপমাত্রা অত্যধিক বেড়ে যায়, তিন দিনের বেশি ডায়রিয়া স্থায়ী হয়, মলের সঙ্গে রক্ত দেখা যায় বা পানিশূন্যতার লক্ষণ দেখা দেয়, তবে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।
স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত জানানো হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
আপনার বিজ্ঞাপন এখানে