64°F বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ক্রিকেটের পর ফুটবল বিশ্বকাপেও বয়কটের শঙ্কা, আমেরিকায় খেলতে অনিচ্ছুক তিন দেশ

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ০১ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ৮
ক্রিকেটের পর ফুটবল বিশ্বকাপেও বয়কটের শঙ্কা, আমেরিকায় খেলতে অনিচ্ছুক তিন দেশ

ক্রিকেটের পর ফুটবল বিশ্বকাপেও বয়কটের শঙ্কা, আমেরিকায় খেলতে অনিচ্ছুক তিন দেশ ক্রিকেট বিশ্বকাপ ঘিরে বয়কট বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার ফুটবল বিশ্বকাপেও একই আশঙ্কা দেখা দিয়েছে। আগামী জুনে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ আমেরিকায় আয়োজন করা নিয়ে আপত্তি তুলেছে অন্তত তিনটি দেশ। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক ও অভিবাসন নীতির কারণে সেখানে গিয়ে খেলা কিংবা সমর্থকদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। মোট ১১৪টি ম্যাচের মধ্যে ৭৪টি ম্যাচ হওয়ার কথা যুক্তরাষ্ট্রে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি, ভিসা সংক্রান্ত কড়াকড়ি, সীমান্তে হয়রানির অভিযোগ এবং আন্তর্জাতিক রাজনীতিতে তাঁর আক্রমণাত্মক অবস্থান নিয়ে উদ্বেগ বাড়ছে অংশগ্রহণকারী কয়েকটি দেশের মধ্যে।

ফিফার স্বাধীন পরিচালন কমিটির সাবেক চেয়ারম্যান ও সুইস আইনজীবী মার্ক পিয়েত সম্প্রতি এক সাক্ষাৎকারে ফুটবল সমর্থকদের আমেরিকায় না যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর ভাষায়, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় সীমান্তে যেভাবে মানুষকে জিজ্ঞাসাবাদ ও হয়রানির মুখে পড়তে হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, “ফুটবলপ্রেমীদের জন্য আমার একটাই পরামর্শ—আমেরিকা থেকে দূরে থাকুন।”

এই মন্তব্যের পর বিশ্ব ফুটবলে নতুন করে আলোড়ন তৈরি হয়। ফিফার সাবেক সভাপতি শেপ ব্লাটারও পিয়েতের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আমেরিকায় বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রশ্ন তোলা অমূলক নয় এবং প্রয়োজনে বয়কটের কথাও ভাবা উচিত।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও সমালোচনা রয়েছে। অনেকের অভিযোগ, এই সম্পর্কের প্রভাবেই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকিটের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। নানা অভিযোগ সত্ত্বেও ফিফার পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো অবস্থান জানানো হয়নি।

ট্রাম্পের অভিবাসন নীতির বিরোধিতা ঘিরে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে সম্প্রতি সহিংসতার ঘটনাও ঘটে। সেখানে গুলির ঘটনায় এক মার্কিন নাগরিক নিহত হন। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প একাধিক দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এই তালিকায় সেনেগাল, আইভরি কোস্ট, ইরান ও হাইতির মতো দেশ রয়েছে—যাদের কয়েকটি দল এবারের ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করবে।

এই নিষেধাজ্ঞার কারণে সংশ্লিষ্ট দেশগুলোর সমর্থকেরা কীভাবে যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা দেখবেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে অংশগ্রহণকারী দেশগুলোর পাশাপাশি ফিফার ওপরও চাপ বাড়ছে। বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক মাস আগে এমন পরিস্থিতি আন্তর্জাতিক ফুটবলের জন্য নতুন এক সংকেত বলে মনে করছেন বিশ্লেষকেরা।