80°F মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

কুড়িগ্রামে সম্পত্তি বিরোধে বাবার লাশ দাফনে বাধা, সন্ধ্যা পর্যন্ত দাফন হয়নি

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ১৮ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ১০৭
কুড়িগ্রামে সম্পত্তি বিরোধে বাবার লাশ দাফনে বাধা, সন্ধ্যা পর্যন্ত দাফন হয়নি

কুড়িগ্রামে সম্পত্তি বিরোধে বাবার লাশ দাফনে বাধা, সন্ধ্যা পর্যন্ত দাফন হয়নি

কুড়িগ্রাম, নাগেশ্বরী, ১৮ ফেব্রুয়ারি – কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পয়ড়াডাঙ্গা বাজার এলাকায় সম্পত্তি ভাগ-বণ্টন নিয়ে পারিবারিক বিরোধের কারণে বাবার লাশ দাফন করা সম্ভব হয়নি। আজ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মরদেহ ঘরের আঙিনায় কাফন পরানো অবস্থায় পড়ে ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, পয়ড়াডাঙ্গা বাজার এলাকার বাসিন্দা আজিজার রহমান (৭৫) বার্ধক্যজনিত রোগে মঙ্গলবার সন্ধ্যায় মারা যান। তার জানাজা বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, পারিবারিক সম্পত্তি–সংক্রান্ত বিরোধের কারণে প্রথম স্ত্রীর সন্তানরা দাফনে বাধা দেন।

আজিজার রহমানের পরিবারে দুটি ভিন্ন গোষ্ঠী রয়েছে। তার প্রথম স্ত্রীর সন্তানরা হলো ছেলে মনভোলা ওরফে আবদুল হাকিম (৫৫) এবং তিন মেয়ে জোসনা, ময়না ও কাছুয়া। প্রায় ৩০ বছর আগে প্রথম স্ত্রীর মৃত্যুর পর আজিজার রহমান দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর ঘরে জন্ম নেয় ছেলে টাইগার (৩৩) এবং মেয়ে আকলিমা (৩০)। পারিবারিক সূত্রে অভিযোগ, আজিজার রহমান জীবদ্দশায় তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি দ্বিতীয় স্ত্রীর সন্তানদের নামে লিখে দেন। এর ফলে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

আজ সকাল সাড়ে ১০টায় এলাকাবাসী জানাজায় অংশ নিতে গেলে, প্রথম স্ত্রীর সন্তানরা দাবি করেন, বাবার রেখে যাওয়া সম্পত্তি সমানভাবে ভাগ-বণ্টন ও প্রয়োজনীয় দলিল সম্পন্ন হওয়ার আগে দাফন করা যাবে না। স্থানীয় মুরব্বিরা দীর্ঘ আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও, কোনো সমাধান না হওয়ায় সন্ধ্যা পর্যন্ত মরদেহ কাফন পরানো অবস্থায় ঘরের আঙিনায় পড়ে ছিল।

মৃত আজিজার রহমানের প্রতিবেশী আমিনুর রহমান ও আবদুল মালেক প্রথম আলোকে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। পারিবারিক বিরোধ থাকলেও মৃত ব্যক্তির সম্মান রক্ষা করা সবার আগে প্রয়োজন। পাশের গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, দাফন সম্পন্ন হওয়ার পরই আইনি বা সামাজিকভাবে সম্পত্তি–সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা উচিত ছিল। এ ঘটনায় এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লা হিল জামান প্রথম আলোকে জানান, এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি এবং তার জানা নেই যে এমন ঘটনা ঘটেছে।