কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা নিহত হয়েছেন। একই ঘটনায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান গুরুতর আহত হয়েছেন।
বুধবার বিকেল চারটার দিকে ক্যাম্পাসের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে এ মর্মান্তিক ঘটনা ঘটে। হামলার পর গুরুতর আহত অবস্থায় দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ঈমাম জানান, জরুরি বিভাগে আনার সময় শিক্ষিকা জীবিত ছিলেন। তবে ওয়ার্ডে নেওয়ার পর চিকিৎসা শুরু করামাত্রই তিনি মারা যান। তাঁর মাথায় একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। আহত ফজলুর রহমানের অবস্থাও আশঙ্কাজনক; তাঁকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোক ও উত্তেজনা বিরাজ করছে। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
আপনার বিজ্ঞাপন এখানে