63°F বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে প্রাণ গেল অন্তত ৫৩ জনের

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ১১ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ৪১
লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে প্রাণ গেল অন্তত ৫৩ জনের

লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে প্রাণ গেল অন্তত ৫৩ জনের

লিবিয়ার উপকূলে ইউরোপে পৌঁছানোর আশায় যাত্রা করা অভিবাসীদের বহনকারী একটি রাবারের নৌকা ডুবে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নৌকাটিতে মোট ৫৫ জন আরোহী ছিলেন। ভয়াবহ এই দুর্ঘটনায় কেবল দুজন নারী জীবিত উদ্ধার হয়েছেন। তাঁরা দুজনই নাইজেরিয়ার নাগরিক। শুক্রবার লিবিয়ার কর্তৃপক্ষ তাঁদের উদ্ধার করে এবং পরে আইওএমের সহায়তায় জরুরি চিকিৎসা দেওয়া হয়।

আইওএম জানিয়েছে, নৌকাটিতে আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসী ও শরণার্থীরা ছিলেন। স্থানীয় সময় রাত প্রায় ১১টার দিকে ত্রিপোলির পশ্চিমাঞ্চলের উপকূলীয় শহর আল-জাওইয়া থেকে নৌকাটি যাত্রা শুরু করে। প্রায় ছয় ঘণ্টা সমুদ্রে চলার পর নৌকাটিতে পানি ঢুকতে শুরু করে এবং উত্তর-পশ্চিম লিবিয়ার জুওয়ারা শহরের উত্তরে শুক্রবার ভোরে সেটি উল্টে যায়।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া দুই নারীর একজন আইওএমকে জানিয়েছেন, এই ঘটনায় তিনি তাঁর স্বামীকে হারিয়েছেন। অপর নারী জানিয়েছেন, তাঁর দুই শিশুই নৌকাডুবিতে প্রাণ হারিয়েছে। আইওএমের উদ্ধারকারী দল তাঁদের শারীরিক ও মানসিক চিকিৎসা সহায়তা দিয়েছে।

এই দুর্ঘটনার খবর প্রকাশ পেতে বিলম্ব হওয়ার কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বলে জানিয়েছে আইওএম। সংস্থাটি বলেছে, চলতি বছর এখন পর্যন্ত লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৫০০ অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছেন।

২০১১ সালে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই ইউরোপে পৌঁছানোর আশায় সাব-সাহারান আফ্রিকা থেকে আসা অভিবাসীদের জন্য লিবিয়া একটি প্রধান যাত্রাবিন্দুতে পরিণত হয়েছে। মানবপাচারকারী চক্রের মাধ্যমে ঝুঁকিপূর্ণ নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রতিবছর শত শত মানুষ প্রাণ হারাচ্ছেন।

আইওএম আরও জানিয়েছে, শুধু গত জানুয়ারিতেই মধ্য-ভূমধ্যসাগরে শীতকালীন প্রতিকূল আবহাওয়ার মধ্যে একাধিক নৌকাডুবির ঘটনায় অন্তত ৩৭৫ জন অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছেন। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি।