63°F শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

মার্কিন আদালতে শিখ নেতা পান্নুন হত্যাচেষ্টায় নিখিল গুপ্তের দায় স্বীকার

নিজস্ব প্রতিবেদক, Boston Bangla

প্রকাশ: ১৪ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ৩০
মার্কিন আদালতে শিখ নেতা পান্নুন হত্যাচেষ্টায় নিখিল গুপ্তের দায় স্বীকার

মার্কিন আদালতে শিখ নেতা পান্নুন হত্যাচেষ্টায় নিখিল গুপ্তের দায় স্বীকার

নিউইয়র্কে মার্কিন আদালতে ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত স্বীকার করেছেন যে তিনি শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুন হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। নিখিলের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০২৩ সালে তিনি একজন ভাড়াটে খুনিকে নিয়োগের মাধ্যমে পান্নুনকে হত্যা করার চেষ্টা করেছিলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের আদালতে শুনানি চলাকালীন নিখিল গুপ্ত জানান, তিনি এই পরিকল্পনার অংশ হিসেবে ভাড়াটে খুনিকে ১৫,০০০ ডলার অগ্রিম দিয়েছিলেন।

মার্কিন কৌঁসুলির দাবি, নিখিল গুপ্ত এই পরিকল্পনা ভারত থেকে পরিচালনা করছিলেন। তবে তিনি যে খুনিকে নিয়োগ করেছিলেন, তিনি আসলে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা (DEA)-র একজন গোপন তথ্যদাতা ছিলেন। নিখিলের বিরুদ্ধে ‘ভাড়াটে খুনি নিয়োগ’ এবং ‘মানি লন্ডারিং’ অভিযোগ আনা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে তাকে ২০–২৪ বছরের কারাদণ্ড ভোগ করতে হতে পারে। সাজা ঘোষণা করা হবে আগামী ২৯ মে।

এফবিআই জানিয়েছে, নিখিল গুপ্ত ভারতের একজন সরকারি কর্মকর্তার নির্দেশে কাজ করছিলেন। তবে ভারত সরকার শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করেছে। এফবিআই-এর নিউইয়র্ক অফিসের প্রধান জেমস সি বারনাকল জুনিয়র বলেন, “পান্নুনকে কেবল তাঁর বাক্‌স্বাধীনতার জন্য লক্ষ্যবস্তু করা হয়েছিল।”

শুনানি শেষে পান্নুন এক টেলিফোন সাক্ষাৎকারে বলেন, “আমি সন্ত্রাসবাদী নই, আমি একজন মানবাধিকার আইনজীবী। পাঞ্জাবকে স্বাধীন করা আমার জীবনের লক্ষ্য। ভারত আমাকে থামাতে পারবে না।” তিনি নিখিলকে শুধুমাত্র একজন ‘সাধারণ সৈন্য’ হিসেবে উল্লেখ করে ষড়যন্ত্রের মূল হোতাদের বিচারের দাবি জানান।

প্রসঙ্গত, নিখিল গুপ্তকে প্রথমে পান্নুন হত্যাচেষ্টায় সন্দেহ করা হয় এবং ২০২৪ সালের জুনে চেক প্রজাতন্ত্রের প্রাগ থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চেক প্রজাতন্ত্র থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়।