ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো আপস নয়: ইরান
মার্কিন হামলা হলে ঘাঁটিতে পাল্টা আঘাতের হুঁশিয়ারি
মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো ছাড় দেবে না—এ কথা স্পষ্ট করে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র ইরানের প্রতিরক্ষার অংশ, তাই এটি আলোচনার বিষয় হতে পারে না।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি হুঁশিয়ারি দিয়ে জানান, ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র আক্রমণ চালালে তেহরান মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে।
তিনি জানান, ওমানের মাসকাটে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনা পরোক্ষ হলেও অগ্রগতির ইঙ্গিত দিয়েছে। তবে পারস্পরিক আস্থার ঘাটতি এখনো বড় চ্যালেঞ্জ।
পারমাণবিক ইস্যুতে আরাগচি বলেন, শান্তিপূর্ণ কাজে পারমাণবিক সমৃদ্ধকরণ ইরানের অধিকার। এই বিষয়ে আশ্বস্ত করার লক্ষ্যে চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত তেহরান, কিন্তু ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার বাইরে থাকবে।
প্রতিবেদন অনুযায়ী, আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার পর যুক্তরাষ্ট্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্যুতে আলোচনা থেকে সরে এসে কেবল পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধ থাকতে সম্মত হয়েছে।
তবে আলোচনা শেষের পরও উত্তেজনা কমেনি। ওয়াশিংটন ইরানের তেল রপ্তানি লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সময় আরব সাগরে মার্কিন রণতরী অবস্থান নেওয়ায় ইরানও যুদ্ধের প্রস্তুতির বার্তা দিয়েছে।
ইরান সতর্ক করে বলেছে, সংঘাত শুরু হলে তা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে।
আপনার বিজ্ঞাপন এখানে