80°F বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

মার্কিন নির্বাচনে মুসলিম ভোটারদের ৯৭% মামদানিকে ভোট, ডেমোক্র্যাটদের বিপুল সমর্থন

Online Desk, Boston Bangla

প্রকাশ: ১১ নভে ২০২৫ | নিউজটি দেখেছেন: ২১৭
মার্কিন নির্বাচনে মুসলিম ভোটারদের ৯৭% মামদানিকে ভোট, ডেমোক্র্যাটদের বিপুল সমর্থন

মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনে মুসলিম ভোটাররা ব্যাপকভাবে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীদের সমর্থন জানিয়েছেন। বুথফেরত জরিপে দেখা গেছে, মুসলিম ভোটারদের ৯৭ শতাংশ নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র ও ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট জোহরান মামদানিকে ভোট দিয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) প্রকাশিত এই জরিপটি পরিচালনা করেছে মার্কিন ইসলামিক অধিকার সংস্থা কাউন্সিল অন আমেরিকান–ইসলামিক রিলেশনস (CAIR)। জরিপ অনুযায়ী, ভার্জিনিয়ার মুসলিম সিনেটর গাজালা হাশমি লেফটেন্যান্ট গভর্নর পদে মুসলিম ভোটের ৯৫ শতাংশ পেয়েছেন।

সিএআইআরের প্রতিবেদন বলছে, মুসলিম ভোটাররা শুধু মুসলিম প্রার্থীদেরই নয়, বরং ডেমোক্র্যাট পার্টির মধ্যপন্থী অমুসলিম প্রার্থীদের প্রতিও আস্থা রেখেছেন। ভার্জিনিয়ার অ্যাবিগেইল স্প্যানবার্গার ও নিউ জার্সির মিকি শেরিল—এই দুই নারী প্রার্থী মুসলিম ভোটারদের প্রায় ৮৫ শতাংশের সমর্থন পেয়েছেন।

এছাড়া ক্যালিফোর্নিয়ায় ডেমোক্র্যাটদের অনুকূলে নতুন কংগ্রেশনাল মানচিত্র অনুমোদন করা ‘প্রস্তাব ৫০’ মুসলিম ভোটারদের ৯০ শতাংশ সমর্থন পেয়েছে। সিএআইআর জানায়, এই জরিপে তারা ১,৬২৬ জন মুসলিম ভোটারের সাক্ষাৎকার নিয়েছে।

সংস্থার বিবৃতিতে বলা হয়, “এই জরিপ প্রমাণ করেছে যে, মার্কিন মুসলিমরা এখন নিজেদের মতামত প্রকাশে আরও সাহসী, অংশগ্রহণমূলক এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নির্মাণে সক্রিয় ভূমিকা রাখছেন।”

তাদের মতে, চারটি অঙ্গরাজ্যে মুসলিম ভোটাররা ভোটের প্রতি অনন্য আগ্রহ ও দায়িত্বশীলতা দেখিয়েছেন। তারা এমনভাবে ভোট দিয়েছেন, যা যুক্তরাষ্ট্রে তাদের ক্রমবর্ধমান নাগরিক অংশগ্রহণের প্রতিচ্ছবি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন নির্ধারণ করবে বর্তমান কংগ্রেসের নিয়ন্ত্রণ। এর আগের বছরের এই ভোট ডেমোক্র্যাটদের জন্য এক প্রাথমিক সাফল্যের ইঙ্গিত দিয়েছে। তবে নির্বাচনের সময় নিউইয়র্কে ইসলামবিরোধী বক্তব্যের বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই নির্বাচনে সাবেক ডেমোক্র্যাট গভর্নর অ্যান্ড্রু কুমোকে সমর্থন জানিয়েছিলেন, যা মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করে।

সিএআইআর জানায়, ইসলামবিদ্বেষের মুখেও মুসলিমরা নিজেদের অধিকার ও ভবিষ্যতের জন্য ভোট দিয়েছেন। তারা প্রমাণ করেছেন— “দেশের শক্তি নির্ধারণে পক্ষপাত নয়, বরং অংশগ্রহণই মুখ্য।”

জরিপে আরও জানা যায়, এই নির্বাচনে ৭৬ জন মুসলিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যাদের মধ্যে ৩৮ জন বিজয়ী হয়েছেন। মিশিগানের ডেট্রয়েটের হ্যামট্রামিক, ডিয়ারবর্ন ও ডিয়ারবর্ন হাইটস শহরে মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন।

এছাড়া আসন্ন কংগ্রেস নির্বাচনে কয়েকজন মুসলিম প্রার্থী অংশ নিচ্ছেন, যাদের মধ্যে অন্যতম আবদুল এল–সায়েদ, যিনি মিশিগান থেকে মার্কিন সিনেটের আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।