মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মার-এ-লাগোতে সন্দেহভাজন অনুপ্রবেশকারী নিহত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর অবকাশযাপন কেন্দ্র মার-এ-লাগো-তে এক সন্দেহভাজন অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গুলি করে নিহত করেছে মার্কিন সিক্রেট সার্ভিস। রোববার (২২ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
সংস্থাটির বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত প্রায় ১টা ৩০ মিনিটে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থিত রিসোর্টটির উত্তর গেটের কাছে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তার হাতে শটগানের মতো অস্ত্র এবং একটি জ্বালানির ক্যান ছিল। নিরাপত্তা বাহিনী তাকে থামানোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয় এবং সিক্রেট সার্ভিস গুলি ছুঁড়ে। ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন। তার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঘটনার সময় ট্রাম্প ওয়াশিংটন-এ অবস্থান করছিলেন। হোয়াইট হাউস এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
ট্রাম্পকে সুরক্ষা দিতে গিয়ে সন্দেহভাজনের মুখোমুখি হওয়ার ঘটনা এটি প্রথম নয়। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট পাম বিচের ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাব-এ ঝোপের আড়ালে রাইফেল তাক করে থাকা এক ব্যক্তিকে সিক্রেট সার্ভিস শনাক্ত ও গ্রেপ্তার করে। পরে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাকে ট্রাম্পকে হত্যাচেষ্টার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
এর আগে ২০২৪ সালের জুলাইয়ে পেনসিলভানিয়ার বাটলারে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ওই হামলায় একজন নিহত এবং দুজন গুরুতর আহত হন। এছাড়া ট্রাম্প কানে গুলিবিদ্ধ হন। এই ধরনের নিরাপত্তা হুমকি ট্রাম্পের ওপর আগে কয়েকবার ঘটেছে, যার মধ্যে হত্যাচেষ্টার ঘটনা এবং হামলাসহ বিভিন্ন পরিস্থিতি অন্তর্ভুক্ত।
আপনার বিজ্ঞাপন এখানে