ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিস্ফোরণের খবরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে প্রভাব পড়েছে। নিরাপত্তাজনিত কারণে ঢাকা থেকে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, চলমান পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইন–গামী ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।
বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা এয়ারলাইন্স–এর মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, সংস্থাটি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। রিয়াদ, জেদ্দা ও দাম্মামসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে তাদের ফ্লাইট আপাতত স্থগিত রয়েছে। বিকেল পর্যন্ত ইউএস-বাংলার মধ্যপ্রাচ্য রুটে চলাচলরত কোনো উড়োজাহাজ আকাশে ছিল না; সব বিমান নিজ নিজ বিমানবন্দরে অবস্থান করছিল।
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কারণে আকাশপথে ভ্রমণে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রীদের সর্বশেষ তথ্য জানতে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে।
আপনার বিজ্ঞাপন এখানে