66°F বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

মোরেলগঞ্জে চাঁদার অভিযোগে মাদরাসার ভবন নির্মাণকাজ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, Boston Bangla

প্রকাশ: ২৬ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ২৩
মোরেলগঞ্জে চাঁদার অভিযোগে মাদরাসার ভবন নির্মাণকাজ বন্ধ

মোরেলগঞ্জে চাঁদার অভিযোগে মাদরাসার ভবন নির্মাণকাজ বন্ধ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে দুই লাখ টাকা চাঁদা দাবি করে একটি মাদরাসার ভবন নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট নেতা দাবি করেছেন, অনিয়মের কারণেই কাজ বন্ধ হয়েছে।

উপজেলার গুলিশাখালী ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দু বারী জানান, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) থেকে টানা দুদিন ধরে নতুন ভবনের নির্মাণকাজ বন্ধ রয়েছে। প্রায় দেড় মাস আগে চারতলা ভিত্তিসহ একতলা ভবনের নির্মাণকাজ শুরু হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ১ কোটি ৩৭ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে ভবনটি নির্মাণের কথা, যা এক বছরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স শেখ ওসমান আলী’-এর পরিচালক এস এম বদিউজ্জামান খোকন অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা হাফিজুর রহমান দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি করা টাকা না দেওয়ায় নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

তবে অভিযুক্ত বিএনপি নেতা হাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, চাঁদার কোনো বিষয় নয়; বরং কাজে ব্যাপক অনিয়ম থাকায় কাজ বন্ধ করা হয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।