70°F সোমবার, ২৩ মার্চ ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

এ সপ্তাহের কবিতা

Admin, Boston Bangla

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ৪
এ সপ্তাহের কবিতা

মৃত্যুপুরী! 

শেখ অনিন্দ্য মিন্টু

যদি মরে যাই; 
আমাকে মনে করো কোনোদিন,
নিস্তব্ধ কোনো বিকেলের ভাঙা রোদে,
অথবা অকারণ জেগে ওঠা মধ্যরাতে
যখন বুকের ভেতর অদৃশ্য শূন্যতা
ধীরে ধীরে শব্দ হয়ে ওঠে।

তুমি তো জানো না;
তোমার ছলনার আলো-আঁধারে
আমি কতবার নিজেকে কবর দিয়েছি,
কতবার ভেঙে পড়েছি নীরব দেয়ালে ঠেস দিয়ে।
তোমার ফেলে যাওয়া ক্ষতগুলো
আজও রক্ত ঝরায়; নিঃশব্দে, লজ্জায়, একা।

মৃত্যু;
হ্যাঁ, মৃত্যু হয়তো তার চেয়েও দয়ালু,
কারণ মৃত্যু অন্তত মিথ্যে প্রতিশ্রুতি দেয় না,
ভালোবাসার নামে প্রতারণা সাজায় না।

আমি এখনো তোমার জন্য
অকারণ অপেক্ষার আগুনে পুড়ি,
যেন কোনো অন্ধ পাখি
আকাশের অস্তিত্ব ভুলে গিয়ে
ডানা ঝাপটায় অন্ধকারে।

যদি কখনো মনে পড়ে;
আমি ছিলাম তোমার অসমাপ্ত বাক্য,
তোমার অর্ধেক স্বীকারোক্তি,
তোমার গোপন অপরাধবোধের নীরব সাক্ষী;
তবে এক মুহূর্ত থেমো,
শ্বাস নাও গভীর করে,
আর অনুভব করো;
আমি এখনো বেঁচে আছি তোমার ভেতর,
একটা দীর্ঘশ্বাস হয়ে।

আর যদি সত্যিই ভুলে যাও;
তবে জেনে রেখো,
আমি একদিন মরে গিয়ে
তোমারই কোনো স্মৃতির ভেতর জন্ম নেবো আবার,
কারণ ভালোবাসা কখনো মরে না;
সে শুধু রূপ বদলায়,
ক্ষত হয়ে থাকে।