ঢাকাগামী লঞ্চ থেকে ঝুঁকি নিয়ে নামতে গিয়ে ধলেশ্বরীতে পড়ে যান এক ব্যক্তি; হাসপাতালে নেওয়ার পর জানা গেছে, তিনি এখন সুস্থ
মুন্সিগঞ্জ লঞ্চঘাটে ঢাকাগামী একটি লঞ্চ থেকে নামতে গিয়ে নদীতে পড়ে যান এক যাত্রী। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, চাঁদপুর থেকে ঢাকাগামী রব রব-৭ লঞ্চটি ঘাটে ভেড়ার চেষ্টা করছিল। এ সময় এক ব্যক্তি ঝুঁকি নিয়ে লঞ্চ থেকে নামতে গেলে ভারসাম্য হারান। তিনি কিছুক্ষণ লঞ্চের সামনের অংশে ঝুলে থাকার পর নদীতে পড়ে যান। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. জাহির। তিনি কুমিল্লার বাসিন্দা। তাঁকে উদ্ধার করে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ঈদুল ফিতর উপলক্ষে লঞ্চঘাট এলাকায় ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল আগে থেকেই দায়িত্বে ছিল। যাত্রীটি ধলেশ্বরী নদীতে পড়ে তলিয়ে যেতে শুরু করলে ডুবুরিরা দ্রুত পানিতে নেমে তাঁকে উদ্ধার করে।হাসপাতালে নেওয়ার পর তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
আপনার বিজ্ঞাপন এখানে