ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদের জয়
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বিপুল ভোটে জয়লাভ করেছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৫৭৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে এলডিপির প্রার্থী আওরঙ্গজেব বেলাল পেয়েছেন ৪৫ হাজার ৭৯১ ভোট।
বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা সানজিদা রহমান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আসনটির ৯২টি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ ১ লাখ ৭ হাজার ৫৭৭ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওরঙ্গজেব বেলাল পান ৪৫ হাজার ৭৯১ ভোট। এ আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিএনপি থেকে পদত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে নির্বাচনে অংশ নেওয়া শাহ নুরুল কবীর পেয়েছেন ৩২ হাজার ৭৩৪ ভোট। এছাড়া তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা ফখরুল ইমাম পেয়েছেন ১ হাজার ৭১৯ ভোট।
এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৪৫ হাজার ৬২২ জন। এর মধ্যে ৯২টি কেন্দ্রে ১ লাখ ৯২ হাজার ৬৩২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটারের ৫৫ দশমিক ৭১ শতাংশ।
এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হন লুৎফুল্লাহেল মাজেদ। ফলাফল ঘোষণার আগমুহূর্তে তিনি নিজের ফেসবুক পোস্টে সমর্থকদের উদ্দেশে লেখেন, “কোনো মিছিল নয়, কোনো ফুল নয়, কোনো সহিংসতা নয়। যদি পাস করি, সবাই এসে বাসায় দুই রাকাত নফল নামাজ পড়ে যাবেন। এর ব্যতিক্রম সহ্য করা হবে না। কোনো ধরনের ফেসবুকে কারও চরিত্র হনন নয়। এগুলো সবকিছুই পরীক্ষা করা হবে এবং আপনার আগামীর রাজনৈতিক পদ পাওয়ার সময় আপনার আচরণ পরীক্ষা করা হবে।”
ফলাফল ঘোষণার পর তাঁর সমর্থকদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।
আপনার বিজ্ঞাপন এখানে