79°F শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ

বস্টন বাংলা, Boston Bangla

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ১৮
নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ

 নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) নেতা বালেন্দ্র শাহ। শুক্রবার শীতল নিবাসে প্রেসিডেন্ট ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠানটি ছিল আড়ম্বরপূর্ণ। নেপালের ইতিহাসে এই প্রথম মাধেসি সম্প্রদায়ের কোনো নেতা প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন।

পেশায় র‍্যাপার ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বালেন্দ্র শাহ ২০২২ সালে কাঠমান্ডু সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়ে ব্যাপক আলোচনায় আসেন। সে সময় তিনি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের বড় ব্যবধানে হারিয়ে চমক সৃষ্টি করেছিলেন।

২০২৬ সালের জানুয়ারিতে মেয়রের পদ থেকে পদত্যাগ করে তিনি রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিতে যোগ দেন এবং জাতীয় রাজনীতিতে সক্রিয় হন। পরবর্তীতে গত ৫ মার্চ অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে ঝাপা-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে পরাজিত করে বড় জয় পান তিনি।

শপথের পর প্রেসিডেন্ট নতুন মন্ত্রিসভার আরও ১৪ সদস্যকে শপথবাক্য পাঠ করান। নতুন মন্ত্রিসভায় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও আরএসপির ভাইস চেয়ারম্যান ড. স্বর্নিম ওয়াগলে।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সুদান গুরুং, পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে শিশির কানালকে। খড়কা রাজ (গণেশ) পৌডেল সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং দীপক সাহ হয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী।

শিক্ষা ও ক্রীড়ামন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শস্মিত পোখরেল, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিক্রম তিমিলসিনা। কেন্দ্রীয় ও ভূমি ব্যবস্থাপনামন্ত্রী হয়েছেন প্রতিভা রাওয়াল এবং শক্তি ও সেচমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন বিরাজ ভক্ত শ্রেষ্ঠ।

কৃষি ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন গীতা চৌধুরী, আইন ও সংসদবিষয়ক মন্ত্রী হয়েছেন সবিতা গৌতম। এছাড়া সিতা বদি মহিলা ও শিশুবিষয়ক এবং সুনীল লামসাল গণপূর্ত ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নিশা মেহতা।