নিরাপদ ও মানবিক বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাইলেন তারেক রহমান
নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা চেয়েছেন তারেক রহমান। তিনি বলেন, “এবার দেশ গড়ার পালা। দেশ গড়ার এই যাত্রায় আপনি-আমি সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।”
শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সরকার গঠনের প্রাক্কালে অর্থনীতি সচল রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান।
আইনের শাসন ও জবাবদিহির প্রতিশ্রুতি
এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং “আইন যাতে আইনের মতো চলে, আমরা সেই ব্যবস্থা করব।” তিনি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দেশবাসীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “এই বিজয় বাংলাদেশের, গণতন্ত্রের এবং গণতন্ত্রকামী মানুষের। আজ থেকে আমরা সবাই স্বাধীন।” জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আরেক প্রশ্নের জবাবে তারেক রহমান মন্তব্য করেন, জনগণকে নিজেদের পক্ষে আনার কৌশলই ছিল তাঁদের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’।
শান্ত থাকার আহ্বান
দলীয় নেতা-কর্মীদের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, দুর্বলের ওপর সবলের অত্যাচার যেন না হয় এবং কোনো বিরোধ যেন প্রতিহিংসায় রূপ না নেয়। তিনি আরও বলেন, আর কোনো স্বৈরাচারী শক্তি যাতে মাথাচাড়া দিতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সরকার ও নির্বাচন সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি গণমাধ্যম ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‘ঐতিহাসিক মুহূর্ত’ উল্লেখ ফখরুলের
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার পথে রয়েছে। জনগণ পরিবর্তন চায়—সে পরিবর্তন হবে উন্নয়ন ও উদার গণতন্ত্রের পক্ষে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমদ এবং এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।
আপনার বিজ্ঞাপন এখানে