66°F বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

নির্বাচন বাধাগ্রস্তের ষড়যন্ত্র রুখতে সবাইকে কেন্দ্রে থাকার আহ্বান তারেক রহমানের

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২৬ জানু ২০২৬ | নিউজটি দেখেছেন: ১৫
নির্বাচন বাধাগ্রস্তের ষড়যন্ত্র রুখতে সবাইকে কেন্দ্রে থাকার আহ্বান তারেক রহমানের

একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে উঠেপড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে এবং ভোটের দিন কেন্দ্র পাহারা দিয়ে ভোটের হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “গত ১৫-১৬ বছর ধরে আপনারা ভোট দিতে পারেননি। আপনাদের ভোটের অধিকার ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। যারা এসব করেছে, তারা এখন দেশ ছেড়ে পালিয়েছে।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “এখন শুধু ভোট দিলেই চলবে না। তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ শেষে কেন্দ্রে যাবেন এবং ভোট শেষ না হওয়া পর্যন্ত সেখানে থাকবেন। নিজের ভোটের হিসাব নিজেকেই বুঝে নিয়ে আসতে হবে।”

দেশের সকল ধর্ম ও শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই দেশ আমাদের সবার। সকল ধর্মের মানুষ একসঙ্গে থেকেই দেশটাকে গড়ে তুলতে হবে। এই দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা।”

হাতিয়ার প্রধান সমস্যা নদীভাঙনের কথা উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ব্লক বাঁধের মাধ্যমে এলাকার সৌন্দর্যও বৃদ্ধি করা হবে।”

তিনি বলেন, “আপনাদের সমস্যাগুলো আমি লিখে রাখলাম। ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে জয়যুক্ত করুন। ভোটের পরে আমি নিজেই আপনাদের দেখতে আসবো। তখন একসঙ্গে বসে সব বিষয়ে কথা বলবো।”

বিএনপিকে জনগণের দল উল্লেখ করে তারেক রহমান বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে দেশের সবচেয়ে বড় ক্ষমতার মালিক হবে জনগণ।”

মা-বোনদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা দেশের উন্নয়নের গর্বিত অংশীদার। আপনাদের সুবিধার জন্য ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করা হবে।”

এ সময় নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির প্রার্থী মো. মাহবুবের রহমান শামিমকে পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, “আপনারা তাকে ভোট দিন। আপনাদের উন্নয়নের দায়িত্ব আমরা নেবো, ইনশাআল্লাহ।”

জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ আসনের প্রার্থী মাহবুবের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোসহ উপজেলা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।