63°F বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

নির্বাচন ও গণভোট ঘিরে ঢাকায় ৩৯৪ বিদেশি পর্যবেক্ষক, ১৯৭ আন্তর্জাতিক সাংবাদিক

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ১১ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ৬২
নির্বাচন ও গণভোট ঘিরে ঢাকায় ৩৯৪ বিদেশি পর্যবেক্ষক, ১৯৭ আন্তর্জাতিক সাংবাদিক

নির্বাচন ও গণভোট ঘিরে ঢাকায় ৩৯৪ বিদেশি পর্যবেক্ষক, ১৯৭ আন্তর্জাতিক সাংবাদিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকায় পৌঁছেছেন অন্তত ৩৯৪ জন বিদেশি নির্বাচনী পর্যবেক্ষক এবং ১৯৭ জন বিদেশি সাংবাদিক। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া এই দুই আয়োজন ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আগত পর্যবেক্ষকদের মধ্যে ৮০ জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি। দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন দেশ থেকে এসেছেন ২৪০ জন, যার মধ্যে স্বতন্ত্র ইউরোপীয় পর্যবেক্ষকরাও রয়েছেন। এছাড়া ৫১ জন ব্যক্তি বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট থেকে নিজস্ব উদ্যোগে ভোট পর্যবেক্ষণ করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। এর আগে একাদশ, দ্বাদশ ও দশম জাতীয় নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ছিল যথাক্রমে ১৫৮, ১২৫ ও ৪ জন।

প্রধান পর্যবেক্ষক সংস্থাগুলোর মধ্যে রয়েছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফরেল), কমনওয়েলথ সেক্রেটারিয়েট, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)। এছাড়া ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি), ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইসিএপিপি) এবং ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস থেকেও প্রতিনিধি এসেছেন।

ইউরোপীয় ইউনিয়নসহ ২১টি দেশ থেকে পর্যবেক্ষকরা অংশ নিচ্ছেন। দেশগুলোর মধ্যে রয়েছে পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, ফিলিপাইনস, মালয়েশিয়া, জর্ডান, তুরস্ক, ইরান, জর্জিয়া, রাশিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, কিরগিজস্তান, উজবেকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়া।

এছাড়া ভয়েস ফর জাস্টিস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, এসএনএএস আফ্রিকা, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন ও পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রতিনিধিরা ব্যক্তিগত উদ্যোগে পর্যবেক্ষণে অংশ নিচ্ছেন।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সমন্বয়ে দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ বলেন, বিভিন্ন দেশ ও সংস্থার ইতিবাচক সাড়া অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আন্তর্জাতিক আস্থার প্রতিফলন।

উচ্চপর্যায়ের অতিথিদের মধ্যেও রয়েছেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আদ্দো দানকওয়া আকুফো-আদ্দো, ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা, যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সাবেক সদস্য লর্ড রিচার্ড নিউবি, মালয়েশিয়ার নির্বাচন কমিশনের কর্মকর্তা রামলান বির হারুন এবং ইরানের পার্লামেন্ট সদস্য বেহনাম সাঈদি।

এদিকে জাতীয় সংসদ নির্বাচনে ৫০টির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ দুই হাজারেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই দিনে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ গণভোটও। সংশ্লিষ্টদের আশা, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন সম্ভব হবে।