আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ১১টি দপ্তরের অধীন ২৩টি শীর্ষ পদ থেকে ইস্তফা দিয়েছেন। মঙ্গলবার রাজ্য সচিবালয় নবান্ন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব দপ্তরের শীর্ষ পদ থেকে তিনি সরে দাঁড়িয়েছেন, সেসব দপ্তরে ইতোমধ্যে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে বুধবার বিকেল চারটার মধ্যে নবান্নকে অবহিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
যেসব গুরুত্বপূর্ণ দপ্তর ও সংস্থার দায়িত্ব থেকে তিনি সরে দাঁড়িয়েছেন, তার মধ্যে রয়েছে শিল্প ও বাণিজ্য, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবিলা ও সিভিল ডিফেন্স, পরিকল্পনা ও পরিসংখ্যান, তথ্য ও সংস্কৃতি, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, অরণ্য, সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা, অনগ্রসর শ্রেণি কল্যাণ, আদিবাসী উন্নয়ন, ভূমি ও ভূমি রাজস্ব এবং উদ্বাস্তু পুনর্গঠন দপ্তর।
তবে এসব পদ ছাড়লেও রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ বিভাগ নিজের দায়িত্বেই রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকেও ইস্তফা দিচ্ছেন—এমন গুজব ছড়িয়ে পড়ে। পরে নবান্নর বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি পরিষ্কার হয় যে, তিনি কেবল নির্দিষ্ট কিছু প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়িয়েছেন, মুখ্যমন্ত্রীর দায়িত্বে বহাল আছেন।
আপনার বিজ্ঞাপন এখানে