61°F রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

নির্বাচনের তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ০৮ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ৬
নির্বাচনের তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার

নির্বাচনের তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। সোমবার (৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বহুল আলোচিত এই চুক্তিতে সই হওয়ার কথা রয়েছে।

নির্বাচনের প্রাক্কালে এমন বড় চুক্তি নিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে চুক্তির খসড়া ও শর্তাবলি প্রকাশ না হওয়ায় বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। জানা গেছে, চুক্তির বিষয়বস্তু গোপন রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আগেই একটি নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) স্বাক্ষর করেছে অন্তর্বর্তী সরকার।

রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানান, চুক্তি সম্পন্ন হওয়ার পর এর শর্তাবলি ও অন্যান্য বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, নির্বাচিত সরকারকে অপ্রয়োজনীয় চাপ থেকে মুক্ত রাখার লক্ষ্যেই নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি সম্পন্ন করা হচ্ছে।

তিনি জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে প্রায় এক লাখ কোটি টাকার পণ্য রপ্তানি হচ্ছে। এই গুরুত্বপূর্ণ বাজার ধরে রাখা এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে বোয়িং কোম্পানি থেকে ২৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব উড়োজাহাজ কিনতে আনুমানিক ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা ব্যয় হবে।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মোট ৪৭টি উড়োজাহাজ কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে প্রাথমিকভাবে ২৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

নতুন এই বাণিজ্য চুক্তির ফলে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরও কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, একসময় বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হলেও আলোচনার মাধ্যমে তা ২০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছিল। চুক্তির তথ্য প্রকাশ না হলে শুল্ক আরও কমানো যেত বলেও মন্তব্য করেন তিনি।

শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশের মূল লক্ষ্য হলো গার্মেন্টসসহ প্রধান রপ্তানি পণ্যে শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করা। এ বিষয়ে আলোচনা এখনো চলমান রয়েছে।

এদিকে দায়িত্ব ছাড়ার আগে সম্পদের বিবরণী জমা দেওয়ার বিষয়েও কথা বলেন তিনি। জানান, তার সম্পদের বিবরণী প্রস্তুত রয়েছে। পাশাপাশি বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে তার দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, তার আগে আরও ২২ জন মন্ত্রী ও উপদেষ্টা এই দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তিকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও সমালোচনা চলছে। চুক্তির চূড়ান্ত শর্ত প্রকাশের পর বিষয়টি নিয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।