81°F শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করল ইরান, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ০৬ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ১১০
নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করল ইরান, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করল ইরান, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে মাটির নিচে নির্মিত নতুন একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটির আনুষ্ঠানিক উন্মোচন করেছে ইরান। বুধবার (৪ ফেব্রুয়ারি) দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড এ তথ্য জানায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং ইসলামিক বিপ্লবী গার্ডের এরোস্পেস শাখার প্রধান সায়েদ মাজেদ মৌসাভির উপস্থিতিতে ভূগর্ভস্থ ঘাঁটিটির উদ্বোধন করা হয়। এ সময় তারা বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র সক্ষমতা, প্রস্তুতি এবং অপারেশনাল পরিকল্পনা সরেজমিনে পর্যালোচনা করেন। ঘাঁটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অন্য ঊর্ধ্বতন কমান্ডারদেরও অবহিত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি বলেন, শত্রুপক্ষের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইরান সম্পূর্ণ প্রস্তুত। তিনি জানান, গত বছরের জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর ইরান তাদের সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তন এনেছে। প্রতিরক্ষামূলক অবস্থান থেকে বেরিয়ে এসে এখন আক্রমণাত্মক ও দ্রুত প্রতিক্রিয়াভিত্তিক কৌশল গ্রহণ করা হয়েছে। বৃহৎ পরিসরে এবং স্বল্প সময়ে অভিযান পরিচালনার পাশাপাশি অসম যুদ্ধের মাধ্যমে প্রতিপক্ষের সামরিক পরিকল্পনা ভেঙে দেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক দিনগুলোতে ইরানের আশপাশের এলাকায় যুদ্ধজাহাজসহ ব্যাপক সামরিক উপস্থিতি জোরদার করেছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে আলোচনার উদ্যোগ নেওয়া হলেও কূটনৈতিক সমাধান না হলে সামরিক সংঘাতের আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলা চালায়, তবে তার প্রভাব শুধু দ্বিপক্ষীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না; বরং তা গোটা অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দিতে পারে।