72°F শনিবার, ২৮ মার্চ ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ওমান উপকূলে মার্কিন জাহাজে হামলার দাবি ইরানের, যুদ্ধে যোগ দিল হুথি

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ১৮
ওমান উপকূলে মার্কিন জাহাজে হামলার দাবি ইরানের, যুদ্ধে যোগ দিল হুথি

ওমান উপকূলের কাছে একটি মার্কিন সামরিক সহায়ক জাহাজে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

শনিবার (২৮ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইআরজিসি জানায়, ওমানের পোর্ট অব সালালাহ বন্দর থেকে বেশ কিছু দূরে অবস্থান করা একটি মার্কিন জাহাজকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের এক মুখপাত্র বলেন, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা পরিচালনা করা হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এক বিবৃতিতে জানায়, ইরান ওমানের সার্বভৌমত্বকে সম্মান করে এবং দেশটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। শনিবার সকালে দক্ষিণ ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে তারা এই অবস্থান স্পষ্ট করে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং তা প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরান-ইসরায়েল উত্তেজনা দ্বিতীয় মাসে গড়ানোর পর হুথিদের সরাসরি সম্পৃক্ততা মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়িয়েছে।