অর্থনৈতিক সম্ভাবনা ও বৈশ্বিক বাস্তবতার কারণে চীনকে উপেক্ষা করা যুক্তরাজ্যের জন্য কোনো বাস্তবসম্মত সিদ্ধান্ত নয় বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। আসন্ন চীন সফরের আগে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
স্টারমার জানান, চীনের সঙ্গে কার্যকর ও স্থিতিশীল সম্পর্ক বজায় রাখা যুক্তরাজ্যের ব্যবসা ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতিকে এড়িয়ে চলা কোনো বিচক্ষণ কৌশল হতে পারে না।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রায় আট বছর পর এই প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন। সফরকালে কিয়ের স্টারমার বেইজিং ও সাংহাইয়ে একাধিক বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন। এ সফরে তার সঙ্গে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় কয়েকজন ব্যবসায়ী নেতাও থাকবেন বলে জানা গেছে।
সাক্ষাৎকারে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্পষ্ট করেন, চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করার অর্থ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দুর্বল করা নয়। তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বেছে নিতে হবে—এমন ধারণা তিনি সমর্থন করেন না। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
চীন প্রসঙ্গে স্টারমার আরও বলেন, বাস্তবতা অস্বীকার করে চোখ বন্ধ করে রাখা কোনো দায়িত্বশীল রাষ্ট্রীয় নীতি হতে পারে না।
আপনার বিজ্ঞাপন এখানে