পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ড. খলিলুর রহমানকে ফোন করে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বার্তা দিয়েছেন
ড. খলিলুর রহমান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার (২২ ফেব্রুয়ারি) পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক এক্সবার্তায় এ তথ্য জানানো হয়েছে। ফোনালাপে তিনি ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, ফোনালাপে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেছেন। তারা শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। আলোচনায় বাণিজ্য, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি ও আঞ্চলিক সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয়েছেন। এছাড়া বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
দুই নেতা ফোনালাপে দুই দেশের জনগণের কল্যাণে একটি অগ্রসর ও ভবিষ্যতমুখী অংশীদারত্ব গড়ে তোলার আশাবাদও প্রকাশ করেছেন।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি শপথ নেওয়ায় শুভেচ্ছা জানান এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। বার্তায় তিনি তারেক রহমানকে ‘ভাই’ বলে সম্বোধন করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও গভীর করতে ঘনিষ্ঠ ও ফলপ্রসূ যোগাযোগ অব্যাহত থাকবে।
আপনার বিজ্ঞাপন এখানে