59°F শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

পাঁচ বছরে আমেরিকা থেকে ৫০ হাজার কোটি ডলারের পণ্য কিনবে ভারত, কৃষিপণ্যেও শুল্ক ছাড়

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ০৭ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ২৮
পাঁচ বছরে আমেরিকা থেকে ৫০ হাজার কোটি ডলারের পণ্য কিনবে ভারত, কৃষিপণ্যেও শুল্ক ছাড়

পাঁচ বছরে আমেরিকা থেকে ৫০ হাজার কোটি ডলারের পণ্য কিনবে ভারত, কৃষিপণ্যেও শুল্ক ছাড়

অন্তর্বর্তী বাণিজ্য চুক্তিতে বড় সমঝোতা, মার্কিন শুল্ক কমার বদলে একাধিক শর্ত মানল দিল্লি

ভারত ও আমেরিকার মধ্যে অন্তর্বর্তী বাণিজ্য সমঝোতায় পৌঁছনোর কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে। শনিবার ভোরে (ভারতীয় সময়) প্রকাশিত যৌথ বিবৃতিতে এই চুক্তির মূল দিকগুলি স্পষ্ট করেছে দুই দেশ। চুক্তির ফলে ভারতের পণ্যের উপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছে আমেরিকা। পাশাপাশি সার্বিক শুল্কহারও কমিয়ে ১৮ শতাংশে নামানো হয়েছে।

এই শুল্ক ছাড়ের বিনিময়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছে ভারত। যৌথ বিবৃতি অনুযায়ী, আগামী পাঁচ বছরে আমেরিকা থেকে প্রায় ৫০ হাজার কোটি ডলারের পণ্য আমদানি করতে সম্মত হয়েছে নয়াদিল্লি, যা ভারতীয় মুদ্রায় ৪৫ লক্ষ কোটি টাকারও বেশি

চুক্তির আর একটি গুরুত্বপূর্ণ দিক হল কৃষি ও খাদ্যপণ্যে শুল্কছাড়। ভারত বিভিন্ন মার্কিন বাণিজ্যিক পণ্যের পাশাপাশি একাধিক খাদ্য ও কৃষিপণ্যের উপর থেকে সম্পূর্ণ শুল্ক তুলে নেবে অথবা শুল্কহার উল্লেখযোগ্য ভাবে কমাবে। এই তালিকায় রয়েছে শুকনো খাদ্যশস্য, পশুখাদ্যে ব্যবহৃত লাল জোয়ার, বাদাম, তাজা ফল, সয়াবিন তেল, ওয়াইনসহ একাধিক পণ্য।

এ ছাড়াও, উভয় দেশ একে অপরের নির্দিষ্ট স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে অগ্রাধিকারভিত্তিক বাজারে প্রবেশাধিকার দেওয়ার ব্যাপারে একমত হয়েছে। এর ফলে দুই দেশের সংস্থাগুলি বাণিজ্যিক সুযোগ পেতে সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই অন্তর্বর্তী চুক্তি ভবিষ্যতের পূর্ণাঙ্গ ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির পথ প্রশস্ত করতে পারে। তবে কৃষি ও স্থানীয় শিল্পের উপর এর প্রভাব নিয়ে দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।