70°F রবিবার, ২২ মার্চ ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

পারমাণবিক স্থাপনায় হামলা হলে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২২ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ২৫
পারমাণবিক স্থাপনায় হামলা হলে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

নিজেদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হলে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় রোববার দেওয়া এক বিবৃতিতে এ ঘোষণা দেয় দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।

বিবৃতিতে বলা হয়, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হলে হরমুজ প্রণালি ‘সম্পূর্ণরূপে’ বন্ধ করে দেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পুনর্গঠন না হওয়া পর্যন্ত এই অবস্থা বহাল থাকবে।

ইরান আরও সতর্ক করে জানায়, এ ধরনের হামলার জবাবে ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং তথ্যপ্রযুক্তি স্থাপনাগুলোতে ব্যাপক আক্রমণ চালানো হবে। একই সঙ্গে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের স্থাপনাও লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

এছাড়া যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।

গত ফেব্রুয়ারির শেষদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই হরমুজ প্রণালিতে উত্তেজনা বেড়েছে। ইরানের নিয়ন্ত্রণ কঠোর হওয়ায় দেশটির অনুমতি ছাড়া কোনো জাহাজ বা তেলবাহী ট্যাংকার চলাচল করতে পারছে না।

এই পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের বেশি উঠে গেছে, যা বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা তৈরি করেছে।

পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্র বিভিন্ন পদক্ষেপ নিলেও ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে—তাদের ওপর হামলা বন্ধ না হলে হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা সংশ্লিষ্ট কোনো দেশের জাহাজ চলাচল করতে দেওয়া হবে না।