64°F শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

পঞ্চগড়-১ আসনে বিএনপির নওশাদ জমির বিজয়ী, ৮,১২০ ভোটে পরাজিত সারজিস আলম

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ১৩ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ৩০
পঞ্চগড়-১ আসনে বিএনপির নওশাদ জমির বিজয়ী, ৮,১২০ ভোটে পরাজিত সারজিস আলম

পঞ্চগড়-১ আসনে বিএনপির নওশাদ জমির বিজয়ী, ৮,১২০ ভোটে পরাজিত সারজিস আলম

পঞ্চগড়-১ আসনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।

ঘোষিত ফল অনুযায়ী, বিএনপির প্রার্থী মুহম্মদ নওশাদ জমির ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ৮ হাজার ১২০।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৩ হাজার ৭০০ জন। নির্বাচনে ভোট পড়েছে ৭৭ দশমিক ৪১ শতাংশ।

ফলাফল ঘোষণার সময় দুই প্রার্থীই উপস্থিত ছিলেন। পরে সংক্ষিপ্ত বক্তব্যে সারজিস আলম বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, জনগণের রায়ে যে এগিয়ে থাকবেন, তাকে সম্মান জানানো রাজনৈতিক সংস্কৃতির অংশ। প্রতিদ্বন্দ্বিতার পরও পারস্পরিক সম্মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সারজিস আলম আরও বলেন, আগামী পাঁচ বছর পঞ্চগড়-১ আসনের উন্নয়নে গঠনমূলক যেকোনো উদ্যোগে এনসিপি ও ১১-দলীয় জোটের পক্ষ থেকে সহযোগিতা থাকবে। একইসঙ্গে তিনি প্রত্যাশা করেন, যৌক্তিক দাবিদাওয়ার ক্ষেত্রে তাঁদের নেতা-কর্মীরাও প্রয়োজনীয় সহযোগিতা পাবেন।

তিনি পঞ্চগড়কে পিছিয়ে থাকা জেলা উল্লেখ করে রাজনৈতিক সৌহার্দ্য ও সমন্বয়ের মাধ্যমে জেলার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।